চীনা পণ্যে ১০৪% শুল্ক আরোপ করে আন্তর্জাতিক আইন ভেঙেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

আন্তর্জাতিক
রাশিয়া অভিযোগ করেছে, বিভিন্ন দেশের ওপর ট্রাম্প প্রশাসন যে ‘পাল্টা শুল্ক’ আরোপ করেছে, তা আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে, চীনা পণ্যের ওপর শুল্কহার ১০৪ শতাংশে উন্নীত করাকে একতরফা ও অগ্রহণযোগ্য পদক্ষেপ হিসেবে দেখছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, "ওয়াশিংটনের কার্যক্রম দেখে মনে হচ্ছে না যে তারা আন্তর্জাতিক বাণিজ্য আইনের প্রতি শ্রদ্ধাশীল।"

চীন এর আগেই ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) কাছে অভিযোগ দায়ের করেছিল। সাধারণত আন্তর্জাতিক বাণিজ্যে কোনো মতানৈক্য দেখা দিলে WTO-এর মধ্যস্থতায় সমাধান করা হয়। তবে যুক্তরাষ্ট্র সে পথে না হেঁটে একক সিদ্ধান্তে অন্য দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই শুল্কের ফলে চীনের পণ্যের ওপর আমদানি কর ১০৪ শতাংশে পৌঁছেছে। পাল্টা জবাবে চীনও ১০ এপ্রিল থেকে মার্কিন পণ্যের ওপর ৮৪ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে।

মারিয়া জাখারোভা আরও বলেন, “যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ WTO-এর মৌলিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।”

এ অবস্থায় বিশ্ব বাণিজ্যে এক অনিশ্চয়তার মেঘ জমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।